ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৬:৪০ পিএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান | ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে ফরিদপুরকে বিভাগ করার যে দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষ্য পূরণে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
আজ (বুধবার) বিকেলে ফরিদপুরের ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
জনসভায় তিনি ফরিদপুরের অন্যতম বড় সমস্যা হিসেবে নদীভাঙনের বিষয়টি তুলে ধরে বলেন, বিএনপি ক্ষমতায় এলে এ সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি অঞ্চলের পানি সংকট নিরসনে পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান কৃষকদের সহযোগিতা ও কর্মসংস্থান বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বিএনপির ঘোষিত ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে কৃষকদের বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হবে।
এ সময় তিনি জামায়াতের প্রতি ইঙ্গিত করে বলেন, জনগণের ভোটাধিকারকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী ভিন্ন ভিন্ন রূপে আবির্ভূত হয়ে জনগণের আস্থা ও বিশ্বাস নষ্ট করছে। বক্তব্যে তিনি ওই গোষ্ঠীর নেতাদের অতীত ভূমিকা এবং সাম্প্রতিক মন্তব্যের সমালোচনাও করেন।
জনসভায় ফরিদপুর ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।