জামায়াতের প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০২:৫৬ পিএম

জামায়াতের প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে বিষয়টি জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়। ইসি সচিব আখতার আহমেদ বলেন, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শেরপুর-৩ আসনে নতুন করে নির্বাচনি তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচন স্থগিতের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারির বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারা অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর এবং ভোটগ্রহণের আগে কোনো বৈধ প্রার্থী মারা গেলে ওই আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত করতে হয়।

আইন অনুযায়ী, প্রার্থীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন স্থগিতের ঘোষণা দেন এবং পরে নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করে।

উল্লেখ্য, শেরপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুজ্জামান বাদল কিডনি জটিলতায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন। নুরুজ্জামান বাদল বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি এবং শ্রীবরদীর তাতিহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ছিলেন।

আজ বুধবার দুপুরে শেরপুর জেলা শহরের শহিদ দারোগ আলী পৌরপার্ক মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৫টার দিকে দ্বিতীয় জানাজা শেষে শ্রীবরদীর পোড়াগর এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নুরুজ্জামান বাদলের মৃত্যুতে তার নির্বাচনি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নেতারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানও শোক ও সমবেদনা জানিয়েছেন।

Link copied!