ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০১:৫৯ পিএম
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন বহন ও ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রের চারপাশে ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণভাবে মোবাইল ফোন রাখা বা ব্যবহার করা যাবে না।
রোববার রাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, ভোটের স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে দায়িত্ব পালনের প্রয়োজনে তিন শ্রেণির কর্মকর্তাকে এই বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে।
ইসির নির্দেশনায় বলা হয়, ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী আনসার বা ভিডিপির দুই সদস্য মোবাইল ফোন বহন করতে পারবেন। এর বাইরে অন্য কেউ—প্রার্থী, সাংবাদিক কিংবা সাধারণ ভোটার—কেন্দ্রের নির্ধারিত পরিসীমার ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
ইসি সূত্র জানায়, ভোটকেন্দ্র থেকে ছবি, ভিডিও বা তথ্য তাৎক্ষণিকভাবে বাইরে পাঠানো ঠেকাতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে নিরাপত্তা তদারকির স্বার্থে আনসার সদস্যদের জন্য নির্দিষ্ট অ্যাপ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
চিঠিতে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, দেশের সব জেলার জেলা প্রশাসক এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবার সারাদেশে ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র এবং প্রায় আড়াই লাখ ভোটকক্ষ স্থাপন করা হয়েছে। সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ বিষয়ে গণভোটও অনুষ্ঠিত হবে।