নৌকার মনোনয়নপত্র কেনা নায়িকা এবার ধানের শীষের প্রচারণায়!

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০২:৫৪ পিএম

নৌকার মনোনয়নপত্র কেনা নায়িকা এবার ধানের শীষের প্রচারণায়!

চিত্রনায়িকা শিমলা | ছবি: সংগৃহীত

নির্বাচনের বাকি আর মাত্র দুই দিন। শেষ মুহূর্তের প্রচারণায় শোবিজের কিছু তারকাও সক্রিয় হয়ে উঠেছেন। বিশেষ করে বিএনপির নির্বাচনি প্রচারণায় দেখা যাচ্ছে কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রিনা খান ও নায়িকা শিমলাকে।

এমনকি নায়িকা শিমলাকে ধানের শীষের নির্বাচনি প্রচারণায় দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। কারণ ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে শিমলা আওয়ামী লীগের নৌকার প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন।

‘ম্যাডাম ফুলি’খ্যাত এই নায়িকা তখন নিজে গিয়ে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি।

২০২৩ সালে নৌকায় প্রতীকে ভোট করতে মনোনয়ন ফরম কিনেছিনিলেন চিত্রনায়িকা শিমলা

মনোনয়ন ফরম কেনার সময় শিমলা একাধিক গণমাধ্যমকে বলেছেন, আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে তিনি স্বপ্ন দেখেছিলেন। তিনি তখন বলেছিলেন, ‘যদিও জানি কথাটা হাস্যকর হবে, কথাটা সত্যি। তারপরেও বলি, স্বপ্নে তো আমরা অনেক কিছুই দেখি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার অনেকবারই দেখা হয়েছে। কিছু দিন আগের কথা, আমি স্বপ্নে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি, তিনি আমাকে কিছু একটা দিচ্ছেন। আমার মনে হয় সেই স্বপ্নটাই বাস্তব হতে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেবেন।’ 

অবশ্য এবার শিমলা ধানের শীষের পক্ষে নির্বাচনি প্রচারণায় মাঠে নেমেছেন। বিভিন্ন অনলাইন পোর্টাল ও সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনে মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান ও অভিনেতা শাহেদ শরীফদের সঙ্গে তিনি ধানের শীষের প্রতীকে ভোট চাচ্ছেন।

ভোট চাওয়ার ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিমলা বলেন, ‘আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। এখানে অনেকের সঙ্গে কথা বলেছি, তারাও ধানের শীষে ভোট দেওয়ার সম্মতি জানিয়েছেন। আর আমাকে নিয়ে নয় ছয় কথা বলবেন না প্লিজ। আমার অনেক কথা বলার আছে, সেটা ১২ তারিখের পর বলবো।’

হঠাৎ কেন শিমলা মনোভাব পরিবর্তন করেছেন তা জানতে তার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ধানের শীষের প্রচারণায় শিমলা

শিল্পী শিমলা দীর্ঘদিন ধরে চলচ্চিত্র অঙ্গনে কম সক্রিয় ছিলেন। ২০২৩ সালের নভেম্বর নাগাদ তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম নেওয়ার জন্য সামনে এসেছিলেন। মাঝের বিরতির পর এবার আবার প্রতীক পরিবর্তন করে নির্বাচনী প্রচারণায় সক্রিয় হয়েছেন।

Link copied!