নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে যেকোনো ফলাফল মেনে নেবে বিএনপি: মাহদী আমিন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০২:৩৬ পিএম

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে যেকোনো ফলাফল মেনে নেবে বিএনপি: মাহদী আমিন

ছবি: সংগৃহীত

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হলে যেকোনো ফলাফল মেনে নেবে বিএনপি—এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছে দলটি। মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, “ভোট যদি অবাধ ও নিরপেক্ষ হয়, তাহলে ফলাফল যাই হোক না কেন, বিএনপি তা মেনে নেবে।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নির্বাচনকে প্রভাবিত করতে একটি প্রতিদ্বন্দ্বী দল সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি আরও দাবি করেন, ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসনে ভোট কেনার অভিযোগ রয়েছে এবং বিভিন্ন এলাকায় জাল ভোট দেওয়ার প্রস্তুতিও লক্ষ্য করা যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, এসব কর্মকাণ্ড নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করতে পারে।

বিএনপির এই মুখপাত্রের অভিযোগ অনুযায়ী, কুমিল্লা ও বগুড়ায় স্থানীয় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির নেতা–কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এসব ঘটনায় দলটির কর্মীরা আহত হয়েছেন বলেও তিনি জানান। এ ধরনের সহিংসতা ও অনিয়মের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানান তিনি।

মাহদী আমিন বলেন, বিভিন্ন জরিপ ও ভোটারদের অংশগ্রহণের আগ্রহ দেখে বিএনপির বিজয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। আর সেই কারণেই একটি দল আচরণবিধি ভেঙে মাঠে বিশৃঙ্খলা তৈরির প্রতিযোগিতায় নেমেছে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবাধ ভোট নিশ্চিত করতে অনিয়ম ও সহিংসতার অভিযোগগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

Link copied!