বিএনপি গুজব ছড়াচ্ছে, কান দেবেন না: নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২২, ২০২৩, ০৮:১৮ পিএম

বিএনপি গুজব ছড়াচ্ছে, কান দেবেন না: নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের

সংগৃহীত ছবি

আসছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের জন্য মার্কিন ভিসা নীতির সমালোচনা করে নেতাকর্মীদের বিএনপির গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা শাখা আওয়ামী লীগের কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী সাংগঠনিক জেলাগুলোর নেতাদের নিয়ে এই  মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, ফারুক খান, কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, “মন খারাপ করবেন না। কে কি দিলো এসব নিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মাথা ঘামান না। বিএনপি গুজব ছড়াচ্ছে, তাতে কান দেবেন না।”

পৃথিবীর কোথাও ভিসানীতি যায় না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “শুধু কী বাংলাদেশকে পেয়ে বসেছেন! আমরা বন্ধুহীন নই, শেখ হাসিনার সরকার বন্ধুহীন নয়। আমরা দেশেও বন্ধুহীন নই, বিদেশেও না।”

এসময় তিনি আরও বলেন, “ বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আওয়ামী লীগের চেতনায় বাংলাদেশ, গণতন্ত্র, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ। শুধু একটি নির্বাচনে নয়, শেখ হাসিনার নেতৃত্বে লড়াই করে বাঁচাতে হবে।”

বিএনপিসহ বিরোধী দলগুলোর আন্দোলনের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে ওবায়দুল কাদের বলেন, “আবারও আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করলে আমরা বসে থাকবো না। যে হাত আগুন নিয়ে আসবে সে হাত পুড়িয়ে দেবো। যে হাত লাঠিসোঁটা নিয়ে আসবে, সে হাত ভেঙে দেবো। যেমন কুকুর তেমন মুগুর।”

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফের দেশবিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “অন্ধকারের শক্তি চ্যালেঞ্জ করছে, আমাদের লড়তে হবে। তারা নির্বাচন বানচাল করবে, সেটি আর সম্ভব নয়। আওয়ামী লীগ নেতাকর্মীরা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়বে।” এসময় নির্বাচন ঘিরে বিএনপির অপতৎপরতা রুখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

Link copied!