মার্চ ২৭, ২০২৬, ০১:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। দ্রুতগতির একটি বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার রাতে কালাকচুয়া এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়।
নিহতদের মধ্যে মুফতি আব্দুল মমিন, তার স্ত্রী ঝর্ণা বেগম, মেয়ে লাবিবা এবং ছেলে আবরার রয়েছেন। এছাড়া গাড়িচালক জামালও নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আবরার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে লক্ষ্মীপুরে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরছিলেন তারা। পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত আরও একজনের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে একসঙ্গে পরিবারের চার সদস্যকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে তাদের এলাকায়। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। নিহতদের জানাজা শেষে দাফনের প্রস্তুতি চলছে।