কচুক্ষেতে সংঘর্ষ-গুলি, সেনা ও পুলিশের গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৩১, ২০২৪, ০৯:০০ এএম

কচুক্ষেতে সংঘর্ষ-গুলি, সেনা ও পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরের কচুক্ষেত এলাকায় সেনাবাহিনী ও পুলিশের দুইটি গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পোশাক শ্রমিকরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন দুইজন। 

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুই পোশাকশ্রমিক হলেন আল আমিন (১৮) ও ঝুমা আক্তার (১৫)।  তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, তারা সকাল ৯টা ৫২ মিনিটে আগুনের খবর পান। 

প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, বকেয়া বেতন-ভাতার দাবিতে সকাল সাড়ে আটটার দিকে কচুক্ষেত এলাকার ডায়নাসহ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা সড়কে নেমে আসেন।

তারা মিরপুর ১৪ নম্বর থেকে সেনানিবাসমুখী সড়কে যান চলাচল বন্ধ করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং সেনা সদস্যরা ঘটনাস্থলে আসেন।

এ সময় বিক্ষোভকারী শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। শ্রমিকরা ইট পাটকেল ছোড়ে। একপর্যায়ে পুলিশ সদস্যদের বহনকারী একটি ট্রাক এবং সেনাবাহিনীর একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়। 

সংঘর্ষের একপর্যায়ে দুই পোশাকশ্রমিক গুলিবিদ্ধ হন। ঝুমার ডান পায়ে এবং আলামিনের কাঁধে গুলি লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই গাড়িতে দেয়া আগুন নিভিয়ে ফেলেন।

ভাষানটেক থানার ওসি শাহ মোহাম্মদ ফয়সাল বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই রাস্তায় ছিলাম। গার্মেন্টস শ্রমিকরা হঠাৎ করে তাদের আন্দোলন থেকে পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে তারা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। 

এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। 

সংঘর্ষ থামার পর বেলা সাড়ে ১১টার দিকে ১৪ নম্বর থেকে সেনানিবাসমুখী সড়কে যান চলাচল শুরু হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর দুটি রেকারে পুড়ে যাওয়া গাড়ি দুটি সরিয়ে নেয়া হয়েছে।

Link copied!