নিরাপত্তা ও ক্ষতিপূরণ না পেলে বিপ্লবী সরকারের ডাক দেবেন কনটেন্ট ক্রিয়েটর কাফি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৫:০৮ পিএম

নিরাপত্তা ও ক্ষতিপূরণ না পেলে বিপ্লবী সরকারের ডাক দেবেন কনটেন্ট ক্রিয়েটর কাফি

ছবি: সংগৃহীত

নিজের ও পরিবারের নিরাপত্তা এবং দুর্বৃত্তের আগুনে ঘর পোড়ার ক্ষতিপূরণের দাবি মানা না হলে প্রয়োজনে বিপ্লবী সরকারের ডাক দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কারী নুরুজ্জামান কাফি।

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে লিখিত আবেদন জমাদান শেষে জেলা প্রশাসক চত্বরে সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।  

এর আগে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় কলাপাড়া থানায় মামলা দায়েরের পর নিরাপত্তা ও ক্ষতিপূরণের জন্য লিখিত আবেদন করেন কাফি। পরে নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদের কাছেও লিখিত আবেদন করেন।

সংবাদ সম্মেলনে কাফি বলেন, ‘আমি গতকাল বুধবার আমার পোড়া বাড়ির সম্মুখে বসে সাত দিনের আলটিমেটাম দিয়েছি। আমার বাড়িতে অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা, আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত, পুড়া ঘর পুনঃনির্মাণের জন্য একদিন অতিবাহিত হয়ে গেছে।’

কাফি আরও বলেন, ‘আমি আজও পুনরাবৃত্তি করছি যেহেতু আমার নিরাপত্তা নাই। আমাদের সহকর্মীদের নিরাপত্তা নাই। আমার নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবি মানা না হলে প্রয়োজনে বিপ্লবী সরকারের ডাক দেব।’

এসময় পটুয়াখালী জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মো. রুবেল আহম্মেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বাহির থেকে দরজা আটকে দুর্বৃত্তরা কাফির বাড়ি পুড়িয়ে দেয়। তবে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ার আগেই ওই ঘরে থাকা পরিবারের ছয় সদস্য দরজা ভেঙে বের হন।

Link copied!