জানুয়ারি ৭, ২০২৬, ০১:৫৮ পিএম
প্রায় ১৪ বছর পর ঢাকা–করাচি রুটে আবারও সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি–ঢাকা রুটে সপ্তাহে দুই দিন পরীক্ষামূলকভাবে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ট্রায়াল ভিত্তিতে এই ফ্লাইট কার্যক্রম চলবে ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত। এ সময় যাত্রী চাহিদা ও পরিচালনগত বিভিন্ন দিক মূল্যায়ন করা হবে। পরিস্থিতি অনুকূলে থাকলে পরবর্তীতে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
এরই মধ্যে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির কাছ থেকে প্রয়োজনীয় আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফলে পাকিস্তানের আকাশসীমার নির্ধারিত করিডোর ব্যবহার করে সরাসরি ফ্লাইট পরিচালনায় আর কোনো বাধা থাকছে না।
বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের বেশিরভাগকেই দুবাই বা দোহার মতো মধ্যপ্রাচ্যের ট্রানজিট ব্যবহার করতে হয়, যা সময় ও ব্যয়—দুই দিক থেকেই কষ্টসাধ্য। সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রীদের যাত্রাসময় ও খরচ উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং পারস্পরিক যোগাযোগ জোরদার হবে।
বিমানের কর্মকর্তারা জানান, ২০১২ সালে বন্ধ হয়ে যাওয়া এই রুট পুনরায় চালুর লক্ষ্যে গত কয়েক মাস ধরে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্য সহযোগিতা জোরদার হওয়ার প্রেক্ষাপটেই ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।