ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ
দেশি-বিদেশি চাপে কিছু আসে যায় না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।
রবিবার (৮ অক্টোবর) গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে গণমাধ্যমের সাথে এ কথা বলেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির এক দফা দাবি করেছে শেখ হাসিনার পদত্যাগ। এখন আবার বিএনপি নেতারা অনেকে বলেন শেখ হাসিনাকে সরানোর জন্য নয়, নির্বাচনের প্লেয়িং ফিল্ড তৈরি করতে আন্দোলন করছে। বিএনপি একটি মিথ্যাচারের দল।
মনোনয়ন বোর্ডের সভায় উপনির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অধ্যক্ষ শাহজাহান আলম সাজুকে এবং লক্ষ্মীপুর-৩ এ নৌকা প্রতীক জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুকে মনোনয়ন দেয়া হয়।