সংগৃহীত ছবি
কাজী পেয়ারা’র জনক ড. কাজী এম বদরুদ্দোজা বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেছেন। আজ (৩০ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।
তিনি একাধারে বাংলাদেশের প্রখ্যাত কৃষিবিজ্ঞানী, কৃষি সংগঠক এবং ন্যাশনাল ইমেরিটাস সায়েন্টিস্ট ছিলেন। কাজী পেয়ারার কাজী নামটি এই ‘জাতীয় ইমেরিটাস সায়েন্টিস্ট’ এর নামেই নামকরণ করা হয়।
শুধু পেয়ারার কারণেই কাজী বদরুদ্দোজার নাম বাংলাদেশের আধুনিক কৃষির ক্ষেত্রে চির স্মরণীয় হয়ে থাকবে, তা নয়। বরং দেশের কৃষিখাতকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া থেকে শুরু করে কৃষি ও কৃষকের বিভিন্ন বিষয় নিয়েও কাজ তাকে স্মরণীয় করে রাখবে।
মৃত্যুর আগে তিনি বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিয়েছেন।
তাঁর জানাজার নামাজ বুধবার (৩০ আগস্ট) বাদ এশা উত্তরার ৩ নম্বর সেক্টরের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়াও বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ৯টায় খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দ্বিতীয় এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরে তৃতীয় জানাজার নামাজের পর গ্রামের বাড়ি গোবিন্দগঞ্জে তাকে সমাহিত করা হবে।
ড. কাজী এম বদরুদ্দোজা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ছিলেন। ২০১২ সালে কৃষিক্ষেত্রে অসামান্য অবদানের স্বাধীনতা পুরস্কার লাভ করেন তিনি।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।