ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১২:০৩ পিএম
ছবি : সংগৃহীত
খুলনা নিউমার্কেট-সংলগ্ন বায়তুন নুর শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মার্কেটের অন্তত পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে দুটি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
আগুন লাগার পরপরই স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন এবং প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ১টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় পুলিশের পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্য এবং স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।
ফায়ার সার্ভিসের খুলনা বিভাগের উপপরিচালক আব্দুল মালেক জানান, বয়রা স্টেশন থেকে চারটি এবং টুটপাড়া স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। আগুনে পাঁচটি দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুটি দোকানের মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
তিনি আরও জানান, মার্কেটের সামনের বৈদ্যুতিক ও ইন্টারনেট সংযোগের তারও পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।