সেপ্টেম্বর ২০, ২০২৩, ০১:০২ এএম
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকেও বেশি গুরুত্ব পেয়েছে অবাধ, সুষ্ঠু নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতা। বাংলাদেশের ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তিদের মধ্যকার বৈঠক শেষে এমনটাই জানা গেছে।
সোমবার জাতিসংঘ সদর দপ্তরে বৈঠক দুটি অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সিলর ডেরেক শোলে ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের মধ্যে হওয়া বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টের মাধ্যমে মার্কিন এই কূটনীতিক বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার গুরুত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতার বিষয়ে কথা বলেছেন। এ ছাড়া, অর্থনৈতিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন প্রসঙ্গেও আলাপ হয়েছে তাঁদের মধ্যে।’
শোলেকে মোমেন বলেন, শেখ হাসিনার সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সাথে পৃথক বৈঠক করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করে আজরা জেয়া জানান, ‘অবাধ, সুষ্ঠু নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বৈঠকে আলাপ হয়েছে।’
দুই বৈঠকেই বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের সে দেশে ফেরত পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়ে কথা হয়েছে।