ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৩:২৫ এএম
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার চলতি বছরের শেষের দিকে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে।
বুধবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস জার্মানির জনগণ ও অর্থনীতির প্রশংসা করে বলেন, দেশটি বিশ্বব্যাপী ভারী শিল্পসহ নানা ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আসছে।
ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চায় সরকার।
"আমাদের সঙ্গে জার্মানির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে আমরা এক ভিন্ন মাত্রার বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই," বলেন তিনি।
বাংলাদেশে সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণ সম্পর্কে জানার জন্য সফররত জারাহ ব্রুন অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
"আমি আপনার কাজের বড় অনুরাগী," মন্তব্য করেন তিনি এবং জার্মানিতে সামাজিক ব্যবসা চালু করার আগ্রহ প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকার বছরের শেষের দিকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এবং সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে তিনি জার্মানির সহযোগিতা প্রত্যাশা করেন।
"নতুন বাংলাদেশের জন্য আমাদের আপনাদের সব ধরনের সহায়তা প্রয়োজন। আমরা জাতীয় নির্বাচন সফল করতে কঠোর পরিশ্রম করছি," বলেন অধ্যাপক ইউনূস।
বৈঠকে তারা ড. ইউনূসের থ্রি জিরো আন্দোলন, সামাজিক ব্যবসা, দারিদ্র্য বিমোচন ও কল্যাণ রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।