আন্দোলনের নামে মানুষ খুন কীভাবে বন্ধ করাতে হয় সরকারের জানা আছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৪, ২০২৩, ০১:০৬ পিএম

আন্দোলনের নামে মানুষ খুন কীভাবে বন্ধ করাতে হয় সরকারের জানা আছে: প্রধানমন্ত্রী

রাষ্ট্র পরিচালনার ক্ষমতা হচ্ছে তাঁর কাছে দেশের মানুষকে সেবা দেয়ার সুযোগ মাত্র। : শেখ হাসিনা। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আন্দোলনের নামে বিএনপিকে ধ্বংস এবং মানুষ খুন বন্ধ করতে হবে, না হলে কীভাবে বন্ধ করাতে হয় সেই ব্যবস্থাও সরকারের জানা আছে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর আরামবাগে মেট্রোরেল উদ্বোধন শেষে ঢাকা বিভাগীয় এক বিশাল সমাবেশে এ কথা বলেন তিনি। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন শেষে মঞ্চে এসে লাখো জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি নেতাদের গাড়ি এবং সম্পদ জনগণ পুড়িয়ে দিলে তাদের অবস্থা কেমন হবে? তারা আগুন দিতে আসলে তাদের আগুন দেয়া হাত ঐ আগুনেই পুড়িয়ে দিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

২৮ অক্টোবর বিএনপির সমাবেশ থেকে পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জ্বালাও, পড়াও এবং ধ্বংস করাই বিএনপির কাছে উৎসব। তাদের আন্দোলন হচ্ছে অগ্নি সন্ত্রাস, মানুষ খুন করা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ করা।

ক্ষমতাসীনরা নৈরাজ্য চায় না বলে এখনো সহনশীলতার পরিচয় দিচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আগুন সন্ত্রাসী এবং খুনিদের প্রতিহত করতে হবে।

বিএনপির ষড়যন্ত্র অব্যাহত আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের ষড়যন্ত্র যেন কোন ভাবে সফল হতে না পারে তার জন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসীদের সতর্ক থাকতে হবে।

আওয়ামী লীগ যখন দেশে উন্নয়নের কাজ করে তখন বিএনপি জামাত আন্দোলনের নামে ধ্বংসের খেলায় মেতে ওঠে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষমতা হচ্ছে তাঁর কাছে দেশের মানুষকে সেবা দেয়ার সুযোগ মাত্র।

সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, বারবার তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছে তবুও দেশের মানুষকে ভালোবেসেই তিনি পিতার আদর্শে সোনার বাংলা করতে চান।

আওয়ামী লীগ সভাপতি এ সময় দল মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি।

Link copied!