ছবি: সংগৃহীত
বাংলাদেশ থেকে ভ্রমণ ভিসায় যাত্রী যাতায়াত তিনদিন বন্ধ রেখেছে ভারতীয় কর্তৃপক্ষ।
আগামী ২০ মে অনুষ্ঠিত হবে ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১৮ মে) সকাল থেকে নির্বাচনের দিন ২০ মে সন্ধ্যা পর্যন্ত ভ্রমণ ভিসার পাসপোর্টধারী যাত্রীদের ওপর ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
তবে জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারী রোগীরা মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করতে পারছেন।
এ-সংক্রান্ত একটি নির্দেশনার চিঠি শুক্রবার বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষকে দিয়েছেন ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
এদিকে বাংলাদেশের যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচন, ভারতের পশ্চিমবঙ্গে লোকসভার ভোট ও বুদ্ধ পূর্ণিমার কারণে দুই দেশের বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছে বেনাপোল-পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ।
বেনাপোল ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক ওমর ফারুক মজুমদার বলেন, “ভারতের পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের কারণে আজ (শনিবার) সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ থেকে ভ্রমণ ভিসার (ট্যুরিস্ট ভিসা) পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ থাকবে। তবে মেডিকেল ভিসার যাত্রী ও তার সহযোগী মেডিকেল অ্যাটেন্ডেন্ট যাত্রী চলাচল করতে পারবেন। সেই সঙ্গে ভারতীয় পাসপোর্ট যাত্রী যারা বাংলাদেশে অবস্থান করছেন তারা ভারতে ফিরে যেতে পারবেন।”
২১ মে সকাল থেকে আবারও দুই দেশের মধ্যে সব ধরনের ভিসাধারী পাসপোর্ট যাত্রী স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন বলেও জানান তিনি।