ছবি: সংগৃহীত
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিমের হত্যার ঘটনায় গ্রেপ্তার সিয়ামকে নিয়ে কলকাতার বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে সিআইডি। এতে এমপি আনোয়ারুলের হাড়গোড় উদ্ধারের কথা জানিয়েছে কলকাতা পুলিশ।
রোববার (৯ জুন) সকালে সিয়ামকে নিয়ে ভাঙড় এলাকায় পৌঁছে বাগজোলা খালে নামেন সিআইডি কর্মকর্তারা। সেখান থেকেই হাড়গোড় উদ্ধার করা হয়। তবে সেই হাড় এমপি আনারের কি না সেটা স্পষ্ট নয়। ফরেনসিক পরীক্ষায় স্পষ্ট হবে।
আরও পড়ুন: প্রয়োজনে ভারতে গিয়ে সিয়ামকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি: হারুন
গতকাল শনিবার সিয়ামকে ১৪ দিনের রিমান্ড দেন কলকাতার বারাসাতের আদালত। এরপর রোববার সকালে তাকে নিয়ে কলকাতার বিভিন্ন স্থানে অভিযানে নামে কলকাতা পুলিশ।
গত ৭ জুন আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে নেপালে আটক সিয়াম হোসেনকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।
গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মালপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন আনোয়ারুল আজিম।
এরপর ২২ মে কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জিভা গার্ডেন্স নামে একটি আবাসিক ভবনের বি-ইউ ৫৬ নম্বর রুমে এমপি আনোয়ারুল আজিমকে হত্যার খবর ছড়ায়।
সূত্র: আনন্দবাজার