আগস্ট ১৬, ২০২৩, ০৪:৩৮ পিএম
ছবি : বিটিভি থেকে ধারণকৃত
বঙ্গবন্ধু হত্যার অনেক সত্য বেরিয়ে এলেও সবাই স্বীকার করে না মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ‘সব সত্য আমরা এখনো জানি না। সব সত্য এখনো বেরিয়ে আসেনি। অজানা অনেক তথ্য রয়ে গেছে। সত্য প্রকাশ হবেই। বঙ্গবন্ধুকন্যা, বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পাদন করেছেন, সেখানে অনেক সত্য বেরিয়ে এসেছে। কিন্তু এই সত্যটা আমরা কতজন স্বীকার করি।’
বুধবার (১৬ আগস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘৭৫ এর ১৫ আগস্ট, বঙ্গবন্ধু কয়েকজনকে ফোন করেছিলেন। এরা নেতাও আছেন, সেনাপ্রধানও আছেন। কে সাড়া দিয়েছেন? বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েছেন? আজকে সত্য যদি বলতে হয়, শুধুমাত্র নিরাপত্তা অফিসার কর্ণেল জামিল সাড়া দিয়েছিলেন। বঙ্গবন্ধুর ডাকে ছুটে এসেছিলেন সেদিন ৩২ নম্বরে। কর্নেল জামিল। আমরা কোনো নেতা আসিনি। আমরা কেউ বঙ্গবন্ধুর জন্য, তার ডাকে সাড়া দিয়ে ৩২ নম্বর আসিনি।’
তিনি আরও বলেন, ‘ঘাতক পরিবেষ্টিত ৩২ নম্বরে যখন গুলিগোলা চলছিল বঙ্গবন্ধু কর্ণেল জামিলকেও ফোন করেছিলেন। সোবহানবাগে একবার বাধাপ্রাপ্ত হয়েছিলেন। কোনো বাধা তিনি মানেননি। তিনি ছুটে গেছেন বঙ্গবন্ধু ভবনের দিকে। আর তাকে পথিমধ্যে নির্মমভাবে হত্যা করা হয়।’
বঙ্গবন্ধুর ডাকে যারা সাড়া দেননি তারা কাপুরুষ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বিবেকের কাছে আমরা অনেকেই অপরাধী। বঙ্গবন্ধুর জন্য আমরা বড় বড় পদে গিয়েছি, বড় বড় নেতা হয়েছি। কই সেদিন তো জামিল যে সাহস, যে আনুগত্য, যে দেশপ্রেম দেখিয়েছে... কই সেটা কি আমরা কোনো পলিটিশিয়ান, বঙ্গবন্ধু যাদের নেতা বানিয়েছেন তারা কেউ কি দেখাতে পেরেছেন? পারেন নি। এটাই হলো সত্য। তাই আমি বলবো ৭৫ এর ১৫ আগস্টের বীরপুরুষ হচ্ছে কর্ণেল জামিল আর আমরা সবাই কাপুরুষ।’
ইতিহাসের সত্যকে অস্বীকার করার কোনো উপায় নেই মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের যাদের বঙ্গবন্ধু ডেকেছিলেন, সাড়া দিইনি। ভয়ে। আমাদেরকে কী বীরপুরুষ বলা যাবে? আমরা কাপুরুষ। ইতিহাসের এই সত্যকে অস্বীকার করার কোনো উপায় নেই।’