দেশের একটি মানুষও অবহেলিত থাকবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৯, ২০২৩, ১২:২০ পিএম

দেশের একটি মানুষও অবহেলিত থাকবে না: প্রধানমন্ত্রী

ফাইল ছবি

দেশের মানুষের ভাগ্য গড়তে বর্তমান সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটাই লক্ষ্য, একজন মানুষও ভূমিহীন ও অবহেলিত থাকবে না। দেশের মানুষকে উন্নত জীবন দেয়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার। এ দেশের মানুষ ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাওয়াই জীবনের বড় পাওয়া।

বুধবার (৯ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২২ হাজার ১০১ পরিবারকে ঘর বুঝিয়ে দেয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রতিটি শ্রেণির মানুষের জীবন-জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি, যাতে একজন মানুষও অযত্নে, অবহেলায় না থাকে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে শেখ হাসিনা বলেন, এই যুদ্ধের প্রভাবে সৃষ্ট ধাক্কা সামলাতে সীমিত আয়ের মানুষের সুবিধার জন্য এক কোটি কার্ডের ব্যবস্থা করে দিয়েছি। কোনো মানুষ যাতে দ্রব্যমূল্যের জন্য কষ্ট না পায়।

তিনি বলেন, আস্থা বিশ্বাস রাখবেন। টানা ক্ষমতায় আছি বলে সব ক্ষেত্রেই উন্নতি করতে পেরেছি।

এ অনুষ্ঠানে দেশের আরও ১২ জেলা এবং ১২৩ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে দেশের ৬৪ জেলার মধ্যে ২১ জেলা ও ৩৩৪ উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হলো।
এদিন আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আরও ২২ হাজার ১০১ পরিবারকে আনুষ্ঠানিকভাবে ঘর বুঝিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে হাসি ফুটবে কমপক্ষে ১ লাখ ১৫ হাজার মানুষের মুখে।

আশ্রয়ণসহ অন্যান্য ঘরের মাধ্যমে এ পর্যন্ত ৪১ লাখ ৪৮ হাজার ভূমিহীন-গৃহহীন মানুষ পুনর্বাসিত হয়েছেন।

বিশ্বের বৃহত্তম সরকারি এ পুনর্বাসন কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ঠিকানা পেয়েছেন ২৮ লাখের বেশি মানুষ।

দেশের সব উপজেলার প্রায় ২৫ হাজার স্থানে এসব ঘর নির্মাণ করা হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে প্রায় ২৪ হাজার একর জমি।

Link copied!