বরিশালে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানা ঘেরাও

ইউএনবি

মার্চ ১০, ২০২৬, ০৮:১৬ পিএম

বরিশালে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানা ঘেরাও

বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখা। ছবি: ইউএনবি

বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শেষে থানা ঘেরাও করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখা।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বাকেরগঞ্জ থানার সামনে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে থানার সামনে সমাবেশ করে থানা ঘেরাও কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা। সমাবেশের নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা রোকনুজ্জামান ডাকুয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জাহাঙ্গীর।

সমাবেশে বক্তারা চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর হামলার নেতৃত্বদানকারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদারসহ হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা বলেন, একজন জনপ্রতিনিধির ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত ন্যক্কারজনক এবং আইনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পরবর্তীতে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সোহেল রানা অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভ সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল (সোমবার) ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়।

Link copied!