আগস্ট ১৭, ২০২৪, ০২:২৬ পিএম
শফিক রেহমান। ছবি: সংগৃহীত
দীর্ঘ ৬ বছর লন্ডনে নির্বাসনে থাকার পর দেশে ফিরছেন সাংবাদিক শফিক রেহমান। আগামীকাল রোববার তার দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছেন বিএনপির গণমাধ্যম সেলের সদস্য শায়রুল কবির খান।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে তিনি জানান, আগামীকাল রোববার বেলা ১২টায় সাংবাদিক শফিক রেহমানের ঢাকা ফেরা উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এজন্য ‘শফিক রেহমান প্রত্যাবর্তন কমিটি’ গঠন করা হয়েছে। সজীব ওনাসিসকে এর আহ্বায়ক করা হয়েছে। আর জাহিদুল ইসলাম রনিকে করা হয়েছে সদস্য সচিব। সমন্বয়ক রাজীব আহসান চৌধুরী পাপ্পু ও উপদেষ্টা হচ্ছেন হাসানুর রহমান।
গত বছর ১৭ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ মামলায় সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ ৫ জনকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। একই সঙ্গে তাদের ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাস কারাদণ্ড দেওয়া হয়েছিল।
২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় পুলিশের একজন কর্মকর্তা এই মামলা দায়ের করেছিলেন। মামলাটিতে ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন শফিক রেহমান। পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যেতে হয় তাকে।