স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৮, ২০২৬, ০১:৪০ পিএম

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর সহধর্মিণী ও বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

শনিবার সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, রোববার সন্ধ্যায় তার মরদেহ বাংলাদেশে আনা হবে। পরদিন সোমবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

দিলারা হাফিজ দীর্ঘদিন শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ইডেন মহিলা কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ-এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন।

তার মৃত্যুতে শিক্ষাঙ্গন ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

 

Link copied!