ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী মোহাম্মদ আলী | ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন। আর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ২টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী।
নির্বাচনে মোট ১৪টি পদের মধ্যে বিএনপি সমর্থিত প্যানেল জয় পেয়েছে ১৩টিতে। অন্যদিকে জামায়াত সমর্থিত প্যানেল পেয়েছে একটি পদ। এর আগে দুদিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে মোট ৪ হাজার ৪৮টি ভোট পড়ে।
বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। দুটি সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী এবং কোষাধ্যক্ষ পদে জয় পেয়েছেন মো. জিয়াউর রহমান। এছাড়া দুটি সহসম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।
সদস্য পদে বিজয়ী হয়েছেন এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া এবং ওয়াহিদ আফরোজ চৌধুরী। সাতটি সদস্য পদের একটিতে জয় পেয়েছেন জামায়াত সমর্থিত প্যানেলের মো. আজিম উদ্দিন পাটোয়ারী।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ১৩ ও ১৪ মে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে এক ঘণ্টার বিরতির পর বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।