সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তায় বিজয়

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৯, ২০২৬, ০৬:৪২ পিএম

সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তায় বিজয়

ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ু রাজনীতিতে বড় চমক দেখিয়েও সরকার গঠনের দৌড়ে এখনও অনিশ্চয়তায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। বিধানসভা নির্বাচনে তাঁর দল তামিলাগা ভেত্রি কাঝাগম (টিভিকে) সবচেয়ে বেশি আসন পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। শেষ মুহূর্তে সম্ভাব্য দুই মিত্র দল সমর্থন না দেওয়ায় নতুন করে জটিলতায় পড়েছে বিজয়ের সরকার গঠনের সমীকরণ।

গত ৪ মে প্রকাশিত নির্বাচনী ফলাফলে ২৩৪ সদস্যের বিধানসভায় টিভিকে ১০৮টি আসন পায়। তবে বিজয় নিজে দুটি আসনে জয় পাওয়ায় একটি আসন ছাড়তে হবে তাঁকে। ফলে দলের কার্যকর আসন সংখ্যা দাঁড়াবে ১০৭-এ। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসনের সমর্থন।

এই পরিস্থিতিতে জোট গঠনের চেষ্টা শুরু করে বিজয়ের দল। ইতোমধ্যে কংগ্রেস, সিপিআই ও সিপিআইএমের সমর্থন পেয়েছে টিভিকে। তিন দলের মোট ৯ বিধায়কের সমর্থন নিয়ে বিজয়ের পক্ষে সংখ্যা দাঁড়িয়েছে ১১৬-এ। অর্থাৎ এখনও প্রয়োজন আরও দুই বিধায়কের সমর্থন।

বিজয়ের আশা ছিল, ইনডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) এবং আম্মা মাক্কাল মুনেত্রা কাঝাগম (এএমএমকে) শেষ পর্যন্ত পাশে দাঁড়াবে। কিন্তু দুই দলই সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছে। বরং এএমএমকে তাদের জোটসঙ্গী এআইএডিএমকেকে সরকার গঠনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে গভর্নরের কাছে।

অন্যদিকে, ভিসিকে দলের দুই বিধায়কের সমর্থন পেলে সহজেই প্রয়োজনীয় সংখ্যায় পৌঁছে যাবে টিভিকে। তবে এখন পর্যন্ত সেই সমর্থনের লিখিত নিশ্চয়তা মেলেনি।

এ পরিস্থিতিতে রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার এখনও বিজয়কে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাননি। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ১১৮ বিধায়কের লিখিত সমর্থনপত্র জমা দিতে পারলেই কেবল শপথ গ্রহণের সুযোগ পাবেন বিজয়।

গভর্নরের এই অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, সংবিধান অনুযায়ী গভর্নর চাইলে বিজয়কে শপথ নেওয়ার সুযোগ দিয়ে পরে ফ্লোর টেস্টের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সময় দিতে পারেন। অতীতে ভারতের বিভিন্ন রাজ্যে এমন নজিরও রয়েছে।

এরই মধ্যে তিনবার গভর্নরের সঙ্গে দেখা করে সরকার গঠনের আগ্রহের কথা জানিয়েছেন বিজয়। তবে এখন পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে না পারায় তামিলনাড়ুর নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

Link copied!