বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৫:২৮ পিএম

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে শপথ নিয়ে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যদেরও শপথ পাঠ করানো হয়।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে বিকেল ৪টার পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো সরকারপ্রধানের দায়িত্বে এলেন তারেক রহমান।

এর আগে মঙ্গলবার সকালে সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। সংসদ সদস্যদের শপথ শেষে বিএনপির সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। একই সঙ্গে তাকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত অনুমোদন দেন দলের নবনির্বাচিত এমপিরা।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দলটির মিডিয়া সেল জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রেক্ষাপটে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে সর্বসম্মতভাবে নির্বাচিত করা হয়েছে।

নির্বাচনের ফলাফলে বিএনপি এককভাবে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে শক্ত অবস্থান তৈরি করে। নতুন সরকারের শপথের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

Link copied!