সংগৃহীত ছবি
‘মির্জা ফখরুল ইসলাম বলেন আওয়ামী লীগের সময় শেষ। কিন্তু প্রকৃত হলো বিএনপি ও ফখরুলদের সময় শেষ। আপনার মাথা থেকে তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা বাদ দেন। তত্ত্বাবধায়ক সরকার মরে গিয়ে এখন ভূত হয়ে গেছে। এ ভূত মাথা থেকে নামান। এটা এখন কবরস্থানে শায়িত। নির্বাচনে আসেন। নইলে সব হারাবেন।’
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে সোনারগাঁও থানা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির সাথে আর কোনো সমঝোতা হবে না। তোমরা (বিএনপি) জনগণের শত্রু। জনগণের শত্রুর সঙ্গে আওয়ামী লীগ কোনো সমঝোতা করবে না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জো বাইডেনের দুটি সেলফিতে বিএনপির নেতাদের ঘুম হারাম হয়ে গেছে। ভারতে জি সম্মেলন ও আমেরিকাতে নৈশভোজে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফিতে সব পরিষ্কার হয়ে গেছে। তাই এখন বিএনপির জ্বালা। পদ্মা সেতু, চট্টগ্রামে টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, একদিনে শতাধিক সেতু উদ্বোধনে বিএনপির অন্তর্জ্বালা হয়ে গেছে।
দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, অচিরেই তেল-চাল ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল বুঝবেন না। তার ওপর আস্থা রাখুন। তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতে মাত্র ৩ ঘণ্টা ঘুমান। দেশ ও জনগণের কল্যাণে তিনি রাত-দিন কাজ করে যাচ্ছেন।
নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের মানুষ ভুল করবেন না। তিনি (প্রধানমন্ত্রী) এ নারায়ণগঞ্জকে অনেক দিয়েছেন। আশা করি, নারায়ণগঞ্জবাসী এর প্রতিদান দিবেন। আগামীতে আরও দিবেন। মির্জা ফখরুল বলেছেন ঢাকাকে অচল করে দিবে। আমরা বলতে চাই দেশের মানুষই আগামীতে বিএনপিকে অচল করে দিবে। এ নারায়ণগঞ্জই যথেষ্ট বিএনপিকে রুখে দিতে।
নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, এখন কোয়ার্টার ফাইনাল, সামনে সেমিফাইনাল, ফাইনাল হবে জানুয়ারিতে। এবার খেলা হবে তারেক রহমানের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে।
অনুষ্ঠানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।