সংগৃহীত ছবি
প্রাকৃতিক সম্পদের আধার হিসেবে পরিচিত সিলেটে গত তিন মাসে তিনটি কূপে গ্যাসের সন্ধান মিলেছে। এর ফলে প্রতিদিন সিলেট থেকে আরও ২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিড লাইনে যুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
সবশেষ সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন রশীদপুরের ২ নম্বর কূপে গ্যাসের নতুন স্তরের সন্ধান মিলেছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ শনিবার তাঁর ফেসবুক পেজে এ তথ্য জানান।
নসরুল হামিদ লিখেন, সুখবর বাংলাদেশের জ্বালানিখাতের জন্য! সিলেটের রশিদপুর-২নং গ্যাস কূপ অনুসন্ধানে নতুন গ্যাস স্তরের সন্ধান পাওয়া গেছে। যার পরিমাণ প্রায় ১৫৭ বিলিয়ন ঘনফুট এবং বর্তমান বাজারমূল্য প্রায় ১০ হাজার ৬৭০ কোটি টাকা।
ফেসবুকে প্রতিমন্ত্রী জানান, `আশা করছি, আগামী ১০ দিনের মধ্যে এখান থেকে দৈনিক ৮০ লাখ ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। তেল-গ্যাস অনুসন্ধানে শেখ হাসিনা সরকারের অগ্রাধিকার আগামীতে বাংলাদেশের জন্য আরও বড় সুসংবাদ বয়ে আনবে আশা করি।`
এরআগে গত ২৬ নভেম্বর দেশের সবচেয়ে পুরানো গ্যাসক্ষেত্র হরিপুরের ১০ নম্বর কূপে গ্যাসের সন্ধান মেলে। খনন কাজ শেষে ওইদিন গ্যাস প্রাপ্তির তথ্য নিশ্চিত করে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)।
গতবছরের জুনে এই কূপ খনন কাজ শুরু হয়। ১৪৯ কোটি টাকায় সিলেট-১০ নম্বর কূপ খনন করে চীনা কোম্পানি সিনোপেক।