মার্চ ২৬, ২০২৬, ০১:৩১ এএম
ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় এক বিদেশি কূটনীতিককে আলিঙ্গন করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা সমালোচনার জবাবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, কে কী বলছে—সে বিষয়ে তিনি গুরুত্ব দেন না।
ঈদুল ফিতরের দিন শনিবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে কূটনীতিক ও রাজনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় এক বিদেশি কূটনীতিককে আলিঙ্গন করেন জামায়াত আমির, যা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা দেখা দেয়। যদিও দলটির পক্ষ থেকে এটিকে সৌহার্দ্যপূর্ণ আচরণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।
বুধবার ঢাকায় এক আলোচনা সভায় সমালোচকদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, না জেনেই অনেকেই অযথা বিতর্ক তৈরি করেন এবং মূল বিষয় আড়াল করতেই এসব করা হয়।
তিনি বলেন, “ঈদ উপলক্ষে আমরা একটি সংবর্ধনার আয়োজন করেছিলাম। সেখানে বিদেশি কূটনীতিক ও আমাদের বন্ধুরা উপস্থিত ছিলেন। ঈদের দিনে মানুষ স্বাভাবিকভাবেই আন্তরিকভাবে মেশে—আমি তেমনই আচরণ করেছি। কিন্তু এটি নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হয়েছে।”
জামায়াত আমির আরও বলেন, নবীজি (সা.) তার প্রিয় সাহাবীদের সঙ্গে এমন আচরণ করেছেন। এটি তার সুন্নতের অংশ। আমি আমার নবীর প্রতিটি সুন্নত ভালোবাসি। তাই কে কী বলল, তাতে আমি বিচলিত নই—আমি আমার কাজ করে যাব।
তিনি আরও যোগ করেন, ভুল করলে তা স্বীকার করে সংশোধনের মানসিকতা তার রয়েছে। তবে সঠিক কাজকে ভুল হিসেবে উপস্থাপন করা হলে তা মেনে নেওয়া যায় না। পাশাপাশি তিনি মন্তব্য করেন, বর্তমান বিশ্বে প্রতিটি কাজই গভীরভাবে পর্যবেক্ষণের মধ্যে থাকে।
ঢাকার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমেদ। এছাড়া বক্তব্য দেন সদ্য জামায়াতে যোগ দেওয়া সাবেক বিএনপি নেতা আখতারুজ্জামান।