‘ডিম কি আমি মেশিন দিয়ে তৈরি করব?’ প্রশ্ন উপদেষ্টার

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৪, ০৫:৪৭ পিএম

‘ডিম কি আমি মেশিন দিয়ে তৈরি করব?’ প্রশ্ন উপদেষ্টার

নিত্যপণ্যের দরে ঊর্ধ্বগতির মধ্যে কারওয়ানবাজার পরিদর্শনে গিয়ে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন সাংবাদিকদের প্রশ্ন করেছেন তিনি ডিম মেশিন দিয়ে তৈরি করবেন কি না।

সোমবার সন্ধ্যায় উপদেষ্টা কারওয়ানবাজারে গিয়ে চাল, ডাল, মুরগি, ভোজ্য তেলসহ নানা পণ্যের দাম খতিয়ে দেখেন। এর মধ্যে জানা যায়, আড়তে পাইকারিতে ডিম বিক্রি বন্ধ হয়ে গেছে।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আপনি ডিম সাপ্লাই দেখেন না.. নাই তো। ডিম আপনার.. সারে চার কোটি, পাঁচ কোটি ডিম হয়। এখন থেকে ডিম কি আমি মেশিন দিয়ে তৈরি করব?”

গত ১৫ সেপ্টেম্বর কৃষিপণ্য বিপণন অধিদপ্তর খামার, পাইকারি ও খুচরা পর্যায়ে ডিমের সর্বোচ্চ ‘ন্যায্য মূল্য’ ঠিক করে দেয়। কিন্তু সর্বোচ্চ যে খুচরা মূল্য নির্ধারণ হয়েছে, সে দরে ডিম খামার থেকেই কেনা যাচ্ছে না বলে ভাষ্য ব্যবসায়ীদের। কিন্তু তারা ‘নির্ধারিত’ মূল্যের চেয়ে বেশিতে বিক্রি করায় তাদেরকে জরিমানা করা হচ্ছে।

জরিমানার প্রতিবাদে কারওয়ানবাজারের পাশে তেজগাঁওয়ের আড়তে রোববার থেকে ডিম বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। চট্টগ্রামের আড়তেও ডিম পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে খুচরায় ডিম পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।


উপদেষ্টা সালেহউদ্দিন বলেন, “বন্যা, অতিবৃষ্টি ইত্যাদির কারণে ডিমের উৎপাদন হ্রাস পাওয়ার পাশাপাশি সবজিসহ কিছু পণ্যের উৎপাদন নষ্ট হয়েছে। যার ফলে সাপ্লাই চেইনে কিছুটা ঘাটতির কারণে এসব পণ্যের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে।”

কারওয়ানবাজার পরিদর্শনে গিয়ে নিত্যপণ্যের দাম দেখার পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে কথাও বলেন বাণিজ্য উপদেষ্টা।

কারওয়ানবাজার পরিদর্শনে গিয়ে নিত্যপণ্যের দাম দেখার পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে কথাও বলেন বাণিজ্য উপদেষ্টা।

সাংবাদিকদেরকে সালেহউদ্দিন বলেন, “উৎপাদনকারী, পাইকারি ও খুচরা বিক্রেতার মূল্যের ব্যবধান যেন ‘সহনীয়’ পর্যায়ে থাকে তা টাস্কফোর্স কর্তৃক মনিটরিং করা হচ্ছে। কেউ ‘অতি মুনাফা’ বা সুযোগ বুঝে মূল্য বৃদ্ধি করলে কঠোরভাবে প্রতিহত করা হবে।”

 

Link copied!