রাজধানীর আগারগাঁও আইডিবি ভবন সংলগ্ন রেস্টুরেন্টে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে ফুড সেন্টার নামে ওই রেস্টেুরেন্টের তিনজন কর্মচারী আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের ভর্তি করা হয়েছে।
শেরে বাংলা নগরের পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ শাহজাহান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, বেলা ১ টার দিকে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ঘটনাস্থল থেকে আহতদের ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
একজনের অবস্থা আশঙ্কাজনক
বিস্ফোরণে আহতরা হলেন- রুবেল (৩২), রাহাত (২৪) এবং আলমগীর (২৬)। এদের মধ্যে রুবেল হোটেলটির ম্যানেজার এবং বাকি দুইজন হোটেলের কর্মচারী বলে জানা যায়। প্রত্যক্ষদর্শী হোটেলের সামনের ফুটপাতে চা-পান বিক্রেতা শাহনাজ বেগম বলেন, হোটেলের ভিতর হঠাৎ করে বিকট শব্দ হয়। এ সময় আমরা সেখানে দৌঁড়ে গিয়ে দেখি হোটেলের চালা এবং দেয়াল উঁড়ে গেছে। হোটেলের ভিতরে থাকা ম্যানেজারের মাথা ফেটে গেছে এবং একজনের মাথা ও শরীরে আঘাত পায়। এদের মধ্যে অন্য একজনের পেট কেটে ভুঁড়ি বের হয়ে গেছে। ওনার অবস্থা আশঙ্কাজনক। লোকজন এসে তাদেরকে গাড়ীতে করে সাথে সাথে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
শের-ই-বাংলা নগর থানার উপ-পুলিশ পরিদশক (এসআই) আনোয়ার হোসেন বলেন, আমরা তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখানে এসে দেখি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এখানে ফায়ার সার্ভিস থেকে লোক এসেছিলো। প্রাথমিকভাবে আমরা ৩ জন আহত হওয়ার খবর পেয়েছি। পাশাপাশি কফির মেশিন বিষ্ফোরনের কারনে এমন হয়েছে কিনা বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।