ঈদের দিন এবং পরেরদিন রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টিপাত কমতে পারে। আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ আরও কমে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। একই সঙ্গে আগামী দুই দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
তবে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নিকলীতে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় গতকাল (বৃহস্পতিবার) সর্বোচ্চ ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ (শুক্রবার) সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সর্বোচ্চ ১৩৮ মিলিমিটার এবং নিকলিতে ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।