কলেজ ছাত্র হত্যা: প্রধান আসামী গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৭, ২০২১, ০১:১৩ পিএম

কলেজ ছাত্র হত্যা: প্রধান আসামী গ্রেপ্তার

সিলেটের দক্ষিণ সুরমা সরকারী কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আরিফুল ইসলাম রাহাত (১৮) হত্যা মামলারা প্রধান আসামী সামসুদ্দোহা সাদিকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (২৭ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে সিআইডি।

ব্রিফিংয়ে সিআইডি জানায় মঙ্গলবার (২৬ অক্টোবর) গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত সামসুদ্দোহা সাদিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর থেকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সামসুদ্দোহা সাদি দক্ষিণ সুরমা থানার সুরমান আলীর ছেলে। গত ২১ (অক্টোবর) দুপুরে নিহত রাহাতকে সে দক্ষিণ সুরমা সরকারী কলেজের প্রবেশ গেইটের মাত্র ১০ গজ দূরে নির্মমভাবে হত্যা করেন।

এই ঘটনায় মৃতের চাচা শফিকুল ইসলাম অভিযুক্ত শামসুদ্দোহা সাদীসহ আরও ৩ জন ও অজ্ঞাতনামা ৫/৭জন আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

                       ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ।

রাহাত হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তির দাবিতে কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীদের আন্দোলনের জেরে কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কলেজে পাঠদান বন্ধ ঘোষণা করে।

এই ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হলে সিআইডি ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। অবশেষে এক বিশেষ অভিযানে তাকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর থেকে গ্রেপ্তারে সক্ষম হয় সিআইডি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সামসুদ্দোহা সাদি হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে সিআইডি।

জানা যায় যে, নিহত রাহাত ও আসামী- সাদী একই কলেজের একই শ্রেণীর ছাত্র ছিল। আসামী সাদী কলেজের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা হওয়ায় এবং বয়সে রাহাতের চেয়ে বড় হওয়ায় সে রাহাতের নিকট জেষ্ঠ্যতা দাবি করে আসছিল। এরই ধারাবাহিকতায় উভয়ের মধ্যে চলমান বিবাদের কজারণেই এই হত্যাকান্ড ঘটে।

Link copied!