মে ২, ২০২৩, ০৯:৫২ পিএম
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার ২ মে রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কামরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুর বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন।
সাংবাদিক কামরুল ইসলাম দৈনিক সংবাদ ও বাংলাদেশ সংবাদ সংস্থায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। সবশেষ তিনি বাসসের বার্তা সম্পাদক হিসেবে অবসরে যান। কামরুল ইসলাম চৌধুরী পরিবেশ সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন। তিনি পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতিও ছিলেন। তিনি বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশ সম্মেলনে যোগ দিয়েছেন।
কামরুল ইসলাম সাংবাদিকতার মাধ্যমে পরিবেশ উন্নয়ন ও সুরক্ষায় ভূমিকা রাখার জন্য ‘লায়নস অ্যাওয়ার্ড ফর প্রফেশনালস অ্যাকসিলেন্স’ পুরস্কার লাভ করেন।