ঢাকা-১৭ আসনে উপনির্বাচন: ফেরদৌসকে চান ওমর সানী, সিদ্দিক চালাচ্ছেন প্রচারণা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৮, ২০২৩, ০৯:১৩ পিএম

ঢাকা-১৭ আসনে উপনির্বাচন: ফেরদৌসকে চান ওমর সানী, সিদ্দিক চালাচ্ছেন প্রচারণা

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক এবং ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ওই সংসদীয় আসনের উপনির্বাচনের জন্য এখনই প্রচারণা শুরু করে দিয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক।  অন্যদিকে, এই আসনের উপনির্বাচনে সংসদ সদস্য হিসেবে চিত্রনায়ক ফেরদৌসকে ভাবছেন ঢালিউড পাড়ার অনেকে। তাদের মধ্যে একজন হলেন চিত্রনায়ক ওমর সানী। শুধু তাই নয়, উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফেরদৌসকে প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে অনুরোধও জানান সানী।

বুধবার (১৭ মে) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমনটা জানান তিনি।

ওমর সানী তার স্টাটাসে লেখেন, ‘ফারুক ভাই চলে গেছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তার শূন্যতা কেউ পূরণ করতে পারবে না। গুলশান-বনানী তার যে সংসদ সদস্য পদ খালি হয়েছে, সেই জায়গায় আমাদের ছোট ভাই ফেরদৌসকে ভাবাই যায়। মাননীয় প্রধানমন্ত্রী একটু ভেবে দেখবেন, ধন্যবাদ।“

এদিকে, মঙ্গলবার (১৮ মে) চিত্রনায়ক ফারুকের মরদেহ বাংলাদেশে আসার পর তার মৃত্যুতে শোক প্রকাশ করে অভিনেতা সিদ্দিকুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, “ফারুক ভাই শুরু থেকে অসুস্থ থাকায় এ এলাকায় তার স্বপ্নগুলো অনেকাংশেই প্রতিফলিত করতে পারেননি। সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য একজন শিল্পীর রিপ্লেসমেন্টে আরেকজন শিল্পী হিসেবে দায়িত্ব নিতে চাই আমি। ফারুক ভাই আমার শ্রদ্ধেয় বড় ভাই, তার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।”

প্রচারণার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক দ্যা রিপোর্ট ডট লাইভকে জানান, “আমি বঙ্গবন্ধুর আদর্শকে মানি, আমি এই আসনে এর আগেও মননোয়ন প্রত্যাশী ছিলাম, এখানে সবাই আমাকে চেনে জানে।  ফারুক ভাই মারা যাবার পর এখন যেহেতু আসনটি শূন্য তাই এই আসনে আমি আবার প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি মননোয়ন দেন এবং আমাকে রাজনীতির মাঠে থাকার সুযোগ করে দেন আমি সকলের জন্য কাজ করবো।”

চিত্রনায়ক ফেরদৌস সম্পর্কে সিদ্দিকুর বলেন, “ফেরদৌস ভাইয়ের বিষয়টি বেশ কিছুদিন যাবত শুনছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সংবাদ মাধ্যমগুলোতেও দেখছি। আমি ফেরদৌস ভাইকে কখনোই প্রতিদ্বন্দ্বি মনে করিনা। তিনি আমার সহযোদ্ধা।”

অপরদিকে, ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে ফেরদৌসকে ভাবছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। এবিষয়ে দ্যা রিপোর্ট ডট লাইভকে তিনি বলেন, “ফেরদৌস শতভাগ যোগ্য বলে আমি মনে করি। কারণ ফারুক ভাই ছিল একজন সেলিব্রিটি। সংসদের মেয়াদ আছে মাত্র কয়েক মাস।এই অল্প সময়ের মধ্যে ফেরদৌসকে দিলে খুব ভালো হয়।”

অনেকেই আছেন যোগ্য, তারা থাকতে নায়ক ফেরদৌসই কেন? এমন প্রশ্নের জবাবে ওমর সানী বলেন, “যোগ্যতার প্রশ্নে ও বিশ্লেষণে আমি যাব না। আমার কাছে মনে হয়েছে তাই আমি বলেছি।“ অভিনেতা সিদ্দিকুর রহমান সম্পর্কে জানতে চাইলে সানী বলেন “ও আমার ছোট ভাইয়ের মতো।”

প্রসঙ্গত,২০২৪ সালের ৩০ জানুয়ারি পূর্ণ হবে বর্তমান সংসদের মেয়াদ। সংসদের মেয়াদ আট মাসের বেশি বাকি থাকায় উপনির্বাচন লাগবে ঢাকা-১৭ আসনে। সংশ্লিষ্ট এলাকার এমপি চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষিত হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে।

সংবিধানের ১২৩ (৪) অনুচ্ছেদ অনুযায়ী, ৯০ দিনেও উপনির্বাচন সম্ভব না হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট করতেই হবে। আগামী কয়েক দিনের মধ্যে ফারুকের আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশনকে জানাবে সংসদ সচিবালয়। এর পর শুরু হবে উপনির্বাচনের প্রক্রিয়া।

Link copied!