নির্ধারিত হলো ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের তারিখ

নিজস্ব প্রতিবেদক

মে ৩১, ২০২৩, ০১:৪৩ পিএম

নির্ধারিত হলো ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের তারিখ

প্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের শূন্য আসনে (ঢাকা-১৭) আগামী ১৭ জুলাই উপনির্বাচনের ভোটগ্রহণ হবে।

বুধবার (৩১ মে) এ ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

আসনটি শূন্য ঘোষণার প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) ১ জ্যৈষ্ঠ ১৪৩০/১৫ মে ২০২৩ তারিখ পূর্বাহ্নে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।

দীর্ঘদিন রক্তে সংক্রমণজনিত রোগে ভুগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণ করেন খ্যাতিমান এ অভিনেতা।

সাধারণত সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়। সে হিসাব অনুযায়ী আসনটিতে আগামী ১২ আগস্টের মধ্যে উপ-নির্বাচন করতে হতো।

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সেই সময় ধরে পরবর্তী পাঁচ বছর মেয়াদ ধরলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে। অর্থাৎ আসনটিতে যিনি নির্বাচিত হবেন তিনি ছয় মাসের মতো সময়ের জন্য সংসদ সদস্য হবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের শেষে বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে।

Link copied!