করোনা ভাইরাসের অতিমাত্রার সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধ আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল থাকাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দিয়েছে সরকার। একই সঙ্গে বিধিনিষেধ শিথিল থাকাবস্থায় বিয়ে, আলোচনা সভা, মাহফিলসহ জনসমাবেশ হয় এমন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান না করারও নির্দেশনা দেয়া হয়েছে।
বিধিনিষেধ শিথিল থাকাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে বুধবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়,আজ (বুধবার) মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত আগের আরোপিত বিধিনিষেধ শিথিল করা থাকলেও করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) সংক্রমণ বিস্তার রোধে এ সময়ে সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে সকল কার্যক্রম পরিচালনা করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, এ সময়ে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রে গমন ও জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন- বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি এবং রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিহার করতে হবে।
এর আগে, পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত গণপরিবহন চলাচল, দোকান-শপিংমল খুলে দেয়াসহ কঠোর স্বাস্থ্যবিধি মেনে সব কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়ে চলমান বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
একই সঙ্গে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ফের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয় ওই প্রজ্ঞাপনে।