রাজধানীতে কয়েকদিন ধরেই চলছে টানা বৃষ্টি। বৃষ্টির কারণে ঈদের ছুটি কেটেছে ঘরবন্দি অবস্থায়। শনিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানায়, সকাল থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। বিকেল ৩টার পর সেই বৃষ্টির মাত্রা বেড়ে যায়। সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে বিকেলে দুই থেকে আড়াই ঘণ্টা টানা বৃষ্টির কারণে তলিয়ে গেছে রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কও। তবে সড়কে যানবাহনের সংখ্যা কম থাকায় জলাবদ্ধতার কারণে যানজট দেখা দেয়নি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার থেকে সারা দেশের তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে।
এদিকে গত ৫ দিন ধরে সমুদ্র বন্দরে চলা ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরে চলা এক নম্বর সতর্ক সংকেত তুলে নেওয়া হয়েছে। ফলে সমুদ্র ও নদীতে মাছ ধরা ট্রলার ও নৌকা স্বাভাবিক চলাচল করতে পারবে।
শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।