সংগৃহীত ছবি
রাজধানীর গাবতলীতে দলীয় অবস্থান কর্মসূচি পালনকালে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা মহানগর উত্তর শাখা বিএনপির আহবায়ক আমানুল্লাহ আমানের খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমানকে (লিকু) জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে দেখতে পাঠান।
আরও পড়ুন: বিএনপির গয়েশ্বর-আমানসহ অর্ধশতাধিক নেতা আটক
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমী ফল ও জুস বিএনপি নেতাকে দেওয়া হয়। প্রধানমন্ত্রী আমানুল্লাহ আমানের দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় বিএনপি নেতাকে জানানো হয়, চিকিৎসার জন্য দেশের যে কোনো হাসপাতালে যেতে চাইলে তারও সুব্যবস্থা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর এসকল বার্তা আমানউল্লাহ আমানকে পৌঁছে দেন তাঁর এপিএস- গাজী হাফিজুর রহমান লিকু। এসময় আমানউল্লাহ আমান প্রধানমন্ত্রীর এসব উপহার গ্রহণ করেন এবং মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এপিএস-২ বিএনপি নেতা আমানউল্লাহর স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

পরে হাসপাতালের সামনে গণমাধ্যমকর্মীদের গাজী হাফিজুর রহমান লিকু বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে দেখে আসলাম। ডাক্তার বলেছেন উনি এখন ভালো। প্রধানমন্ত্রী উনার শরীরের খোঁজখবর নিতে বলেছেন। প্রধানমন্ত্রীতো মানবতার মা।”
প্রসঙ্গত, রাজধানীর গাবতলীতে দলীয় অবস্থান কর্মসূচি পালন করতে গেলে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। পুলিশ এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ বেশ কয়েকজনকে আটক করে। এসময় অসুস্থ হয়ে পড়লে তাঁকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।