সুগন্ধায় জাহাজ থেকে আরও দুই মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৩, ২০২৩, ০৪:৩৭ পিএম

সুগন্ধায় জাহাজ থেকে আরও দুই মরদেহ উদ্ধার

সংগৃহীত ছবি

ঝালকাঠির সুগন্ধা নদীতে আগুন লাগায় ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজ এমভি সাগর নন্দিনী-২ থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে মোট ৩ জনের মরদেহ উদ্ধার করা হলো।

সোমবার নদী থেকে লঞ্চের ধ্বংসাবশেষ উদ্ধারের সময় তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার দ্য রিপোর্ট ডট লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল পৌনে ১১টার দিকে জাহাজের সুপারভাইজার মাসুদুর রহমান বেলালের মরদেহ উদ্ধার করা হয়। এরপর বেলা সোয়া ১২টার দিকে মাস্টার রুহুল আমিনের মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান ঝালকাঠি থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।

প্রসঙ্গত, গত শনিবার দুপুর পৌনে ২টার দিকে তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ এ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জাহাজটির মাস্টার ব্রিজ ও স্টাফ কেবিনসহ পিছনের ইঞ্জিন রুমের উপরিভাগ উড়ে যায়। এ ঘটনায় ৫ জন আহত ও ৪ জন নিখোঁজ হয়।

Link copied!