প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব সংস্কৃতি মন্ত্রণালয়ের

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩১, ২০২৬, ১২:৪২ পিএম

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব সংস্কৃতি মন্ত্রণালয়ের

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করতে শিক্ষক নিয়োগের প্রস্তাব দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, প্রস্তাব অনুযায়ী সংগীত শিক্ষক বাছাই করবে সংস্কৃতি মন্ত্রণালয়, আর তাদের বেতন-ভাতা বহন করবে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে ২০২৫ সালের আগস্টে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ রাখা হয়েছিল। তবে পরে বিভিন্ন মহল থেকে আপত্তি ওঠে। ধর্মভিত্তিক রাজনৈতিক দলের পক্ষ থেকে সংগীত শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষকের দাবি জানানো হয় এবং এ নিয়ে আন্দোলনের হুমকিও দেওয়া হয়।

পরিস্থিতির প্রেক্ষিতে একই বছরের নভেম্বরে সংশোধিত গেজেটে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ বাতিল করা হয়।

এখন আবার নতুন করে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব আসায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, শিশুদের সৃজনশীল বিকাশে সংগীত শিক্ষার গুরুত্ব বিবেচনায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ হতে পারে।

 

Link copied!