জানুয়ারি ৩, ২০২৬, ০১:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
দেশের দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তি স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ওই বিশ্ববিদ্যালয় দুটি হলো নারায়ণগঞ্জের ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি এবং বরিশালের গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ। এই তথ্য ইউজিসির পৃথক দুটি বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।
কমিশনের ৫৮তম সভার সিদ্ধান্ত এবং ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউজিসি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুই বিশ্ববিদ্যালয়ে কোনো নতুন শিক্ষার্থী ভর্তি করা যাবে না। তবে সিদ্ধান্ত ‘জানুয়ারি ২০২৬’ থেকে কার্যকর হবে, তাই এর আগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
চিঠিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর সার্টিফিকেট সংক্রান্ত অভিযোগ যাচাই, ওয়েবসাইট ডোমেইন পরিবর্তন, অবকাঠামো এবং সার্বিক বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ এবং ৫৮তম মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা বাস্তবায়নের জন্য ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।