আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ০১:৩৬ পিএম

আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

ছবি : সংগৃহীত

দেশজুড়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

২১ এপ্রিল শুরু হওয়া এ পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। এরপর ৭ জুন থেকে ১৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে পুরো কার্যক্রম শেষ হবে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যা প্রায় সমান।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষার সূচনা হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী কেন্দ্র পরিচালিত হবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। যানজট এড়াতে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশের ক্ষেত্রে পূর্বের নিয়মই বহাল থাকবে।

এদিকে পরীক্ষা শেষে খাতা ও সংশ্লিষ্ট কাগজপত্র নির্দিষ্ট সময়ের মধ্যে বোর্ডে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১৮ জুনের মধ্যে সব নথি যথাযথভাবে জমা দিতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Link copied!