মার্চ ২৮, ২০২৬, ১২:১২ পিএম
ছবি: ভিডিও থেকে নেওয়া
আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, প্রতিটি পরীক্ষা কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে এবং শুধু পরীক্ষাকালীন সময় নয়, স্থায়ীভাবেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নজরদারির আওতায় রাখা জরুরি।
শুক্রবার বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ড সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় বোর্ড কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরাও উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, নকল প্রতিরোধে শিক্ষক ও সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে ফলাফলের ওঠানামার বিষয়টি তুলে ধরে তিনি ইঙ্গিত দেন, অতীতে কোথাও অনিয়ম বা নকলের প্রবণতা থাকতে পারে। তাই এবার কোনোভাবেই এসবের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না।
তিনি আরও জানান, প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ালে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম মনিটরিং করা সহজ হবে এবং পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।
সভায় বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।