আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে দেশের সব পরীক্ষা কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ লক্ষ্যে কেন্দ্রগুলোর সিসিটিভি ব্যবস্থার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
বোর্ড জানিয়েছে, সিসিটিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড, ডিভাইসের সিরিয়াল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে হবে। বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্রকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া সিসিটিভির ডিভিআর (DVR) ও এনভিআর (NVR)-এর সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২১ জুনের মধ্যে সব তথ্য বোর্ডে পাঠাতে বলা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলোর সিসিটিভি ব্যবস্থার কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের স্বার্থে সংশ্লিষ্ট ডিভিআর ও এনভিআরের সঙ্গে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেন্দ্রগুলোকে সিসিটিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড এবং ডিভাইসের সিরিয়াল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য আগামী ২১ জুনের মধ্যে dhakaboardcontroller@gmail.com ঠিকানায় ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
এ ছাড়া ই-মেইলের বিষয় (Subject) হিসেবে ‘CCTV EIIN Number’ লিখতে হবে। উদাহরণ হিসেবে ‘CCTV 888888’ উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে সেখানে নিজেদের ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করতে হবে।

