মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৩, ২০২৬, ০২:১৫ পিএম

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

ধীগুরা আইল্যান্ড-এর একটি নির্মাণাধীন কোম্পানির লেবার কোয়ার্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও দুই বাংলাদেশি।

শুক্রবার (১৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ।

নিহতরা হলেন— তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহত দুই বাংলাদেশি হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরে সেহরির জন্য রান্না করতে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। ওই সময় লেবার কোয়ার্টারে থাকা ৩৮ জন প্রবাসী বাংলাদেশির মধ্যে সাতজন গুরুতর দগ্ধ হন। অন্যরা পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন।

স্থানীয় নাগরিক ও ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়। গুরুতর আহত বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী মালেতে স্থানান্তর করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন জানিয়েছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণ অনুসন্ধানে একটি বিশেষ টিম কাজ করছে। বিস্ফোরণে লেবার কোয়ার্টারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই মর্মান্তিক ঘটনার পর মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Link copied!