জুলাই ২, ২০২৬, ১২:৩৫ পিএম
ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে কঙ্গোর বিপক্ষে জয় পেয়েছে ইংল্যান্ড। দলের হয়ে দুইটি গোলই করেছেন অধিনায়ক হ্যারি কেইন। এই জয়ের ফলে ১৯৬৬’র বিশ্ব চ্যাম্পিয়নরা পৌঁছে গেছে শেষ ষোলোতে, যেখানে তাদের প্রতিপক্ষ মেক্সিকো।
বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় কঙ্গো। ৭ম মিনিটে অধিনায়ক শানসেল এমবেম্বার অ্যাসিস্টে দুর্দান্ত এক গোল করেন ব্রায়ান সিপেঙ্গা। ডি-বক্সের বাঁ দিক থেকে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। লিড নিয়েই বিরতিতে যায় আফ্রিকার দলটি।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ইংল্যান্ড। একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৭৫ মিনিট পর্যন্ত। গর্ডনের বাড়ানো বল হেডে জালে পাঠান বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
নির্ধারিত সময় শেষ হওয়ার চার মিনিট আগে আবারও গোল করেন হ্যারি কেইন। বক্সের বাইরে থেকে গর্ডনের পাস পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করে দলের জয় নিশ্চিত করেন তিনি।
এই গোলে বিশ্বকাপে গোলসংখ্যায় ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের রেকর্ড ছাড়িয়ে যান ইংল্যান্ড অধিনায়ক। কেইনের বিশ্বকাপ গোল এখন ১৩টি, যার মধ্যে এবারের আসরেই করেছেন ৫টি। পেলের গোলসংখ্যা ছিল ১২টি।
শেষ দিকে সমতার চেষ্টা করলেও কঙ্গোর আক্রমণ ইংলিশ রক্ষণভাগ ভালোভাবেই সামলে নেয়। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড।
আগামী শনিবার (৬ জুলাই) মেক্সিকো সিটি স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।