সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিলের ১০ দিন রিমান্ডের আবেদন

জাতীয় ডেস্ক

আগস্ট ২২, ২০২৪, ০৯:২৩ এএম

সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিলের ১০ দিন রিমান্ডের আবেদন

ফারজানা রূপা ও শাকিল আহমেদ

হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাংবাদিক দম্পতি একাত্তর টেলিভিশনের সাবেক হেড অব নিউজ শাকিল আহমেদ এবং সাবেক প্রিন্সিপাল করেসপনডেন্ট ও প্রেজেন্টার ফারজানা রূপাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহম্মদ হুমায়ুন কবিরের আদালতে তাদের উপস্থিতিতে রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানা হত্যা মামলায় গ্রেপ্তার

এর অগে গতকাল বুধবার রাজধানীর উত্তরায় একটি হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী শাকিল ও ফারজানাকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটা বুধবারই দায়ের করা হয়েছে। এই মামলা দণ্ডবিধির ৩০২ (হত্যার অভিযোগ) এবং ১১৪ ও ১০৯ ধারায় উত্তরা-পূর্ব থানায় দায়ের করা হয়েছে।

একই দিন সকালে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক কররে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বিদেশে যাওয়ার জন্য তারা বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার জন্য তারা দুজন বিমানবন্দরে উপস্থিত হন। এ সময় সঙ্গে তাদের মেয়ে ছিল।

গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ৮ আগস্ট থেকে হেড অব নিউজ শাকিল আহমেদ এবং প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ও প্রেজেন্টার ফারজানা রূপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।

Link copied!