পুলিশ-বিএনপি সংঘর্ষ: ৫৪৯ জনের বিরুদ্ধে ডিএমপির ১১ মামলা

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৩০, ২০২৩, ০৬:৫১ পিএম

পুলিশ-বিএনপি সংঘর্ষ: ৫৪৯ জনের বিরুদ্ধে ডিএমপির ১১ মামলা

রাজধানীর গুরুত্বপূর্ণ সব প্রবেশমুখে শনিবার (২৯ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ডাকা অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় বিএনপির ৫৪৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে অন্তত ১১টি মামলা দায়ের হয়েছে।

রোববার (৩০ জুলাই) দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানায় পুলিশ ও ভুক্তভোগীরা বাদী হয়ে পৃথক ১১টি মামলা দায়ের করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কেএন নিয়োতি রায়।

দায়েরকৃত এসব পৃথক মামলায় ৪৬৯ জনের নাম উল্লেখ করা হয়েছে; এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৭০ থেকে ৮০ জনকে। বিএনপির সিনিয়র নেতারা এসব মামলা থেকে বাদ পড়েছেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, "দায়েরকৃত এসব মামলার বাইরেও আরো কয়েকটি থানায় (দারুস সালাম, ডেমরা ও উত্তরা পশ্চিম থানা) বেশ কয়েকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"

ডিএমপি সূত্র জানায়, গতকাল মাতুয়াইলে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় কদমতলী থানায় পুলিশ বাদী হয়ে যে মামলা করেছেন, সেখানে ৭০ জনকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে আসামিরা অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছেন। সরকারি কাজে বাধা দিয়েছেন।

সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী থানায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে বাস পোড়ানোর ঘটনায় করা একটি মামলায় ৬১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জুম্মন হোসেনসহ ১০৯ জনকে আসামি করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় করা আরেকটি মামলায় ওই ১০৯ জনকেই আসামি করা হয়েছে।

ডিএমপি সূত্র আরও জানায়, উত্তরায় গতকালের সংঘর্ষের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় দুটি মামলা হয়েছে। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এ মামলা দুটি করা হয়েছে।

একটি মামলায় গাজীপুর মহানগর বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন সরকারসহ ১৪ জনকে আসামি করা হয়েছে। অন্য মামলায় আসামি করা হয়েছে ১৬ জনকে।

গতকাল ধোলাইখাল এলাকায় সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় সূত্রাপুর থানায় একটি মামলা করেছে পুলিশ। ওই মামলায় কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদসহ ২৪ জনকে আসামি করা হয়েছে।

এ ছাড়া পুলিশের ওপর হামলার অভিযোগে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে। এই মামলায় অজ্ঞাত ৮০ জনকে আসামি করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে বংশাল থানায়। সেখানে আসামি করা হয়েছে ২৫ জনকে।

সংঘর্ষের ঘটনায় উত্তরা পূর্ব থানায় মোট মামলা হয়েছে তিনটি। এই তিনটি মামলায় মোট আসামি করা হয়েছে ১০০ জনকে।

গত শুক্রবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করে দলটি। সেই মহাসমাবেশ থেকে গতকাল শনিবার ঢাকার প্রবেশমুখগুলোয় অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়।

বিএনপির অবস্থান কর্মসূচিতে ঢাকার বিভিন্ন স্থানে বিএনপির নেতা–কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

Link copied!