নভেম্বর ৯, ২০২৩, ১১:৪৮ এএম
গণভবনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এ বৈঠক হবে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রস্তুতি ও বিভিন্ন দিক নির্দেশনাসহ দলীয় নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির বৈঠক বসছে আজ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এ বৈঠক হবে।
আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে আজকের বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কেন্দ্রীয় নেতারা।
চলমান রাজনৈতিক পরিস্থিতি, ভোটের কৌশল ও প্রস্তুতি, ইশতেহার, তফসিল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে।
যে গুরুত্বপূর্ণ ১২ টি ইস্যু স্থান পাবে আজকের বৈঠকে -
* আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সফল করতে নির্বাচন পরিচালনা কমিটি ও নির্বাচনী উপ-কমিটি গঠন করার বিষয়ে আলোচনা করা হবে এই সভায়।
* নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াতের আন্দোলন মোকাবিলায় কৌশল নির্ধারণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
* এছাড়া আন্তর্জাতিক মহল থেকে চলমান রাজনীতি ও নির্বাচনকে ঘিরে যে চাপ ও কুটনৈতিক তৎপরতা নিয়েও আলোচনা করা হবে।
* নির্বাচনী তফসিল ঘোষণার পর দলীয় কর্মসূচির বিষয়টিকে বেশ জোড় দেয়া হয়েছে আজকের বৈঠকে। বিস্তারিত আলোচনা ও তফসিল পরবর্তী কর্মসূচি নিয়ে আসবে নতুন রোডম্যাপ।
* নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের ইশতেহার প্রনয়ণ ও অগ্রগতি নিয়ে আলোচনা হবে সভায়। পরবর্তী বৈঠকে অনুমোদনের পর চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
* আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরুর বিষয়টিও ঠাঁই পাবে আজকের আলোচনায়।
* নির্বাচনের সময় দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখার বিষয় নিয়েও আলোচনা করা হবে বৈঠকে।
* নির্বাচনের আগে ও পরে কর্মসূচি কৌশল নির্ধারণের বিষয়ে সিধান্ত হবে আজকের সভায়।
* কেন্দ্রীয় নেতাদের নির্বাচনী দ্বায়িত্ব অর্পন ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ব্যাপারে দেয়া হবে সিদ্ধান্ত।
* বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বিষয়ে জাতিসংঘের বিবৃতির বিষয়টিও আলোচনায় আসতে পারে।
* নৌকার বিজয় সুনিশ্চিত করা বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থার বিষয়টিও আসবে আলোচনায়।
* মহানগর, জেলা ও বিভাগীয় দলীয় কোন্দল নিরসনের আসতে পারে দলীয় প্রধানের নির্দেশনা।
* আসন্ন বিশেষ দিবস (বিজয় দিবস, বুদ্ধিজীবী দিবস) ভিত্তিক কর্মসূচি নিয়েও আলোচনা করা হবে।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহকে কেন্দ্র করেই গোছানো হচ্ছে।
সে হিসেবে নির্বাচনের হাতে আছে দু মাসের ও কম সময় নির্বাচনের আগে আজকের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের নেতারা।
রীতি অনুযায়ী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে চেয়ারম্যান এবং অভিজ্ঞ সাবেক কোনো আমলাকে কো-চেয়ারম্যান করা হয়। একটি নির্বাচন পরিচালনা কমিটি করা হয়।
গত তিনটি জাতীয় নির্বাচনে শেখ হাসিনার সঙ্গে কমিটির কো-চেয়ারম্যান ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব এইচ টি ইমাম। ২০২১ সালের ৪ মার্চ তিনি মারা যাওয়া এবারও আরেক অভিজ্ঞ সাবেক আমলাকে আনা হবে এ দায়িত্বে ।
দলীয় সূত্রে জানা যায়, ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ছাড়াও এ কমিটিতে জাতীয় পরিষদ নেতাদের সম্পৃক্ত করা হবে। এর বাইরে নির্বাচন পরিচালনায় আরও ১০-১২টি উপকমিটি গঠন করা হবে আজকের বৈঠকে।
সংবিধানের নিয়ম অনুযায়ী, ১ নভেম্বর থেকে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে এ নির্বাচন শেষ করতে হবে নির্বাচন কমিশনকে। সেই ক্ষণ গণনা শুরু হয়ে গেছে গত ১ নভেম্বর।
সর্বশেষ গেল ১২ আগস্ট আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।